ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১৯:২১, ২৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কুয়েত প্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে এবং কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় মিজানুরকে কুপিয়ে হত্যা করা হয়। মিজানুর মাসখানেক আগে কুয়েত থেকে বাড়িতে বেড়াতে আসেন। দুই মাস পর আবারও কুয়েতে যাওয়ার কথা ছিল। 

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি