ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

পদ্মায় অপরিকল্পিত বাঁধ দেয়ায় ভাঙছে নদীর তীর (ভিডিও)

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭, ১৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর নীচে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় ভাঙছে নদীর তীর। এরই মধ্যে গৃহহীন হয়েছে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার ২ শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। আর সেতু কর্তৃপক্ষ বলছে, বাঁধ দেয়ার আগেও নদী ভাঙন ছিলো।

গত ১৫ অক্টোবর বাঁধ নির্মাণ করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। ২৮ অক্টোবর থেকে দেখা দেয় নদীভাঙ্গন। এ ভাঙনে জাজিরার পূর্ব নাওডোবার বিভিন্ন এলাকার ২ শতাধিক পরিবার গৃহহীন হয়।

মাঝের চরে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে ভাঙ্গনকবলিতরা। বাঁধ কেটে দেয়ার দাবিতে মানববন্ধনও করেছেন তারা। তাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধই ভাঙনের কারণ।

এলাকাবাসী জানান, দুই শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। আর ভাঙনের কারণে এই এলাকা প্রায় ৪শ’ পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করায় এই পানিটা আমাদের গ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই কারণে ইতিমধ্যে শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। 

ভাঙ্গনকবলিত লোকজন জানান, আমাদের জায়গা-জমি সবই নদীতে বিলীন এখন সন্তানদের নিয়ে থাকার কোন জায়গা নেই। এখন যে ফসলাদি করবো এবং ছেলেমেয়ে নিয়ে যে চলবো তার কোন উপায় আমাদের নেই। আমাদের দাবি এই ভেড়িবাঁধ উঠিয়ে দেয়া হোক।

এদিকে ভাঙন রোধে সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।

শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবিব বলেন, পদ্মা সেতুর মধ্যবর্তী এলাকায় কাজটি চলমান রয়েছে। এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন এবং এখানে আমাদের কোন টেকনিক্যাল সাপোর্ট লাগলে সে ব্যাপারে সহযোগিতা করবো।

এ বিষয়ে পদ্মা সেতু ও প্রকল্প ব্যবস্থাপক বলেন, বাঁধ দেওয়ার আগেও নদী ভাঙন ছিলো। তবে, সমস্যা প্রকট হলে বাঁধ কেটে ফেলার আশ্বাস দেন তিনি।  

তবে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।

ভিডিও-

 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি