ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

পাখির বাসায় হাত দিয়ে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১১, ২৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাথির বাসা বুঝে গর্তে হাত দিয়ে সায়েম আলী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। হাসপাতালে নেয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্র সায়েম মারা যায়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সায়েম আলী আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি সংলগ্ন পুকুরের পাশে পাখির বাসার গর্তে হাত দেয় সায়েম। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বিষয়টি জানায় সায়েম। সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়েমের মা চম্পা বেগম বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। সকালে বাড়ি সংলগ্ন পুকুরের পাশে থাকা গর্তের মধ্যে পাখি বাসায় হাত দেয় সায়েম। সেখানে থাকা সাপ তার হাতে কামড় দেয়। আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।’

বারোঘরিয়া গ্রামের ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সায়েমের মৃত্যু হয়। সাপটি খুবই বিষাক্ত। সাপটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি