প্রতিষ্ঠাবার্ষিকীতে একুশে টেলিভিশনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত : ১২:১০, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৬, ১৪ এপ্রিল ২০২৬
গণমানুষের আস্থার প্রতীক একুশে টেলিভিশন ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পা রাখলো। উপলক্ষে একুশে টিভির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় একুশে টেলিভিশনের কার্যালয়ের সম্মুখে শোভাযাত্রাটির উদ্বোধন করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
এর আগে পতাকা উত্তোলন করেন তিনি। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং একুশে টেলিভিশনের পতাকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
এরপরে বেলুন ও পায়রা উড়িয়ে দেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান। পরে একুশে টেলিভিশনের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয় এবং বাংলামোটর ঘুরে আবার একুশের কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন। সেইসঙ্গে তিনি আজকের একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
শোভাযাত্রায় সাংস্কৃতিককর্মী, টেলিভিশনের সাংবাদিক ও কলাকুশলী এবং একুশে টিভির সমর্থকগোষ্ঠী অংশগ্রহণ করেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণ উদযাপনে সোমবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে এই আনন্দ ভাগ করে নেন।
অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যম বিকাশে একুশে টেলিভিশনের সাহসী ভূমিকার প্রশংসা করেন। অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ সংস্কৃতির ধারক হিসেবে একুশে টেলিভিশন তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
এএইচ










