ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে
প্রকাশিত : ০৯:৪৬, ১ অক্টোবর ২০২৬
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।
এক দিনের এ সফরে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন ।
এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন।
বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে পুরোহিতদের সম্মানী হস্তান্তর করবেন।
সর্বশেষ বিকাল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার পথে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরটি গত ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। সরকার গঠনের পর এটিই তার প্রথম ফেনী সফর।
এএইচ
আরও পড়ুন










