ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

ফ্লাইদুবাই বিমানে পাইলটদের সংঘর্ষ, জরুরি অবতরণ

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে পাইলটদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বিমানটি। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইটটি মাঝ আকাশে জরুরি সংকেত পাঠানোর পর গন্তব্য পরিবর্তন করে তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পর বিমানটি প্রথমে সাধারণ জরুরি সংকেত ৭৭০০ এবং পরে অল্প সময়ের জন্য ৭৫০০ কোড পাঠায়। ৭৫০০ কোড সাধারণত বিমানে অবৈধ হস্তক্ষেপ বা সম্ভাব্য ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। 

প্রতিবেদন অনুযায়ী, বিমানের দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পর পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় বিমানটির উচ্চতাও হঠাৎ কমে যায়। ঘটনাটি নিয়ে প্রাথমিকভাবে ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হলেও পরবর্তী প্রতিবেদনে পাইলটদের সংঘর্ষের বিষয়টি সামনে আসে। 

তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ ও দায় কার—তা এখনো তদন্তাধীন। 

তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির ক্যাপ্টেন ও কো-পাইলট দুজনই আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণের পর যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। 

ফ্লাইদুবাই জানিয়েছে, সব যাত্রী নিরাপদ রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা সমন্বয় করছে। ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি