ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী ৪ জনকে মেরে ফেলা হয় বলেশ্বর নদীতে: সাক্ষী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ ৪ জনকে বলেশ্বর নদীতে নিয়ে মারার সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির। চোখ বেধে, গুলি করে, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদী ফেলে দেওয়া হয় বলে ট্রাইব্যুনাল জানান তিনি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুমের মামলায় এ সাক্ষ্য দেন এই প্রত্যক্ষদর্শী। 

এই সাক্ষ্য জিয়াউল আহসানের অপরাধ প্রমাণে যথেষ্ট বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। যদিও জিয়াউল আহসানের আইনজীবী এর বিরোধিতা করেছেন।  

মেজর সাব্বির বলেন, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে এই হত্যাকাণ্ড করে র‍্যাব ৮ এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা। তারা পাথরঘাটার চরদুয়ানির বলেশ্বর নদীতে ফ্রিশিং ট্রলারে মুখ ও পুরো শরীর ঢেকে ৪ জনকে নিয়ে যায় এবং তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে। 

এই সাক্ষী জানান, ২০১১ সালে জিয়াউল আহসানের গলফ অপারেশনে জড়িত ট্রলার মাঝিতের মধ্যে একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয়। 

চিফ প্রসিকিউটর জানান, কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আছে প্রসিকিউশনের কাছে। সোহাইলের পছন্দের সাংবাদিকরা ঢাকা থেকে অভিযানে যেতেন এবং সোহাইলের ব্রিফ অনুযায়ী সংবাদ প্রচার করতেন। 

গুমের মামলায় এখন পর্যন্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সেনা ও র‍্যাবের কর্মকর্তা সাক্ষ্য দেন। এরপর এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। পরে যুক্তিতর্ক উপস্থাপন হবে৷ 

বিগত ১৬ বছরে এটিই প্রথম গুমের মামলা যার বিচার শেষ পর্যায়ে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি