ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত
প্রকাশিত : ১০:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ ও যোগাযোগ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন বলে শেষ খবর পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করার প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর এনডিটিভির।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট সি–৯০ মডেলের, যা পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। ঝোড়ো আবহাওয়ার মধ্যে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে।
বিমানে দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ ছাড়াও ছিলেন একজন গুরুতর দগ্ধ রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
সড়কপথে যাত্রা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলেই রোগীর স্বজনরা এয়ার অ্যাম্বুলেন্স বেছে নিয়েছিলেন।
উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করতে যাচ্ছে।
এএইচ
আরও পড়ুন










