ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভার্গো তামাকের সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের ভার্গো তামাক লিমিটেডের বিরুদ্ধে প্রায় সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ভ্যাট চালান ছাড়া পণ্য সরবরাহ, ব্যবহৃত ও নকল ব্যান্ডরোল ব্যবহার এবং আলামত ধ্বংসের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গত ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলের দুটি ইউনিট প্রতিষ্ঠানটির কারখানায় আকস্মিক অভিযান চালায়। এ সময় বাইরে থেকে কারখানার গেট বন্ধ রেখে ভেতরে উৎপাদন কার্যক্রম চলছিল। বারবার অনুরোধের পরও সাড়া না পাওয়ায় গোয়েন্দা দলের সদস্যরা দেয়াল টপকে কারখানায় প্রবেশ করেন।

তল্লাশির সময় কারখানা চত্বরে ব্যবহৃত ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পোড়ানোর ঘটনা দেখতে পান গোয়েন্দা দলের সদস্যরা। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আনুমানিক ৫০ লাখ শলাকা সিগারেট পুড়িয়ে ফেলার বিষয়টি প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার লিখিতভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

পরে কারখানা ও সংলগ্ন গুদামে তল্লাশি চালিয়ে ব্যবহৃত স্ট্যাম্প, তামাকের কাঁচামাল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া কিছু বিদেশি ব্র্যান্ডের সিগারেটের নমুনা ও খালি প্যাকেটও উদ্ধার করা হয়।

অধিদপ্তর আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি ও বিক্রয়সংক্রান্ত গোপনীয় বার্তা সাইবার ফরেনসিক টিম বিশ্লেষণ করে। এতে দীর্ঘদিন ধরে উৎপাদিত সিগারেটের একটি বড় অংশ মূল হিসাব বইয়ে গোপন রেখে ভ্যাট চালান ছাড়া বাজারে সরবরাহের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।

প্রাথমিক হিসাবে সরকারের প্রাপ্য সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ মোট সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ ঘটনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী মামলা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি