ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬

ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ, উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সবশেষ অশান্তির ঘটনা ঘটে, কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৪ মে) দুপুরে জেলার দিনহাটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলাকালীন ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। দিনহাটায় এবার বিজেপির প্রার্থী অজয় রায় এবং তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন গুহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সর্বশেষ গণনার ট্রেন্ড বলছে, উদয়ন গুহর চেয়ে ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়। এই লিডের খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে।

দিনহাটার এই সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কঠোর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গোটা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

উল্লেখ্য, কেবল কোচবিহারই নয়, ভোট গণনার শুরু থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। সূত্র মতে, গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি