ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

মামুনুল রিসোর্ট কাণ্ডে সোনারগাঁও জাপা সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১৯ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে মামুনুল হক অবরুদ্ধের পর হেফাজতের সহিংসতা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা জাপা সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সোনারগাঁয়ে হেফাজতের হামলা ভাংচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের একটি দায়ের করা মামলায় বিএনপির সাবেক নেতা ও বর্তমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সোমবার দুপুর ১টায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ন মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চালায়। 

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করে। এসব মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮শ’ জনকে আসামী করা হয়েছে। 

এ পর্যন্ত ৭ মামলায় ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি