ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

মোদির সফর ঘিরে শ্যামনগরে সাজসাজ রব (ভিডিও)

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ২০ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার সুন্দরবন উপকূলবর্তী শ্যামনগরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশ্বরীপুরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে শ্যামনগরে সাজসাজ রব। মন্দির সংস্কার থেকে শুরু করে তাঁর নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২৭ মার্চ মাত্র বিশ মিনিটের জন্য যাবেন বাংলার দক্ষিণ-পশ্চিমের জেলা সাতক্ষীরার শ্যামনগরে। পরিদর্শন করবেন সাড়ে চারশ’ বছরের পুরনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালি মন্দির।

মোদীর আগমনকে কেন্দ্র করে মন্দির সাজানো হয়েছে নতুন সাজে। আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই মন্দিরের ভক্ত ও পুরোহিতের।

ভক্তরা জানান, আমরা সবাই তার আগমনে আনন্দিত। তিনি মায়ের দর্শনে আসছেন, এজন্য বিশেষভাবে গর্বিত। নরেন্দ্র মোদির সাতক্ষীরা সফরকে ঘিরে আমাদের মধ্যে উৎসব কাজ করছে।

শ্যামনগর যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় আসবেন আগামী ২৭ মার্চ। এতে আমরা গর্বিত বোধ করি।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে মন্দির পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ভারতীয় সহকারী হাইকমিশনার ও র‌্যাবের মহাপরিচালকসহ কর্মকর্তারা।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, হেলিপ্যাড থেকে শুরু এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এভাবে সাতক্ষীরাকে এখানে ফুটিয়ে তোলা হবে, বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে এই ভারতীয় মহান অতিথির সামনে। 

সফর খুব সংক্ষিপ্ত হলেও আয়োজনের ঘাটতি রাখছে না প্রশাসন। বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভূমি অফিস সাজানো হয়েছে নতুন সাজে।
দেখুন ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি