যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
প্রকাশিত : ১৫:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরুর জেরে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৯১.১৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৪৬ ডলারে।
এর আগের সেশনেও ব্রেন্ট ক্রুডের দাম ২.৭ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ২.৮ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়েছিল।
ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার হুমকি দেওয়ায় এই উত্তাপ আরও বেড়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যকার বিরোধ প্রধানত অর্থনৈতিক ও নিষেধাজ্ঞাকেন্দ্রিক থাকলেও ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “এসব ঘটনার কারণে ইরানের পাল্টা আঘাত হানার ঝুঁকি আবারও বড় হয়ে দেখা দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং তেল পরিবহনের অতিগুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালী' বন্ধের যে আশঙ্কা তৈরি হয়েছে, তেলের দাম বৃদ্ধির মাধ্যমে বাজারে তারই স্পষ্ট প্রতিফলন ঘটছে।”
সত্র: আল জাজিরা
আরও পড়ুন










