যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত
প্রকাশিত : ১৯:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই রাত আগে চালানো ওই হামলায় তিন পাইলট নিহত হন। নিহত ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে।
তারা হলেন ইরানি নৌবাহিনীর মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং বিমানবাহিনীর হোসেইন মাহদাভিয়ান। তবে হামলাটি ঠিক কোথায় এবং কী পরিস্থিতিতে চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তাসনিম। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুও এ তথ্য জানিয়েছে।
এর আগে ইরানের গণমাধ্যম জানিয়েছিল, ১ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নৌবাহিনীর সদস্য আমির হোসেন সেলিমজাদেহ নিহত হন।
ইরানি কর্তৃপক্ষের হিসাবে, ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে চারজন, খুজেস্তানে সাতজন, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনীর চার সদস্য এবং লাভান দ্বীপে বাসিজ আধাসামরিক বাহিনীর তিন সদস্য রয়েছেন।
সর্বশেষ দফার সংঘাত শুরু হয় ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে। এর ফলে প্রায় এক মাস ধরে চলা সরাসরি সংঘাতের বিরতি ভেঙে যায়।
এরপর ইরানের বিভিন্ন স্থানে আরও কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে তেহরান পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এমএইচ
আরও পড়ুন










