ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নূন্যতম সুযোগ-সুবিধা ছাড়াই মেহেরপুরের রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছে ১৬০টি ভূমিহীন পরিবার। তাদের অভিযোগ, একটি মাত্র ঘরে গাদাগাদি বসবাস করতে হচ্ছে প্রতিটি পরিবারকে। রাস্তাঘাটের বেহাল দশা, সন্তানদের শিক্ষার নেই পর্যাপ্ত সুযোগও।

১৯৯৯ সালে মেহেরপুর শহরের কাছে রঘুনাথপুর মাঠের খাস জমির উপর গড়ে তোলা হয় আশ্রয়ণ প্রকল্প। টিনশেড দিয়ে নির্মিত এক একটি ব্যারাকে বাস করে ১০টি পরিবার। আর প্রতিটি পরিবারকে বরাদ্দ দেয়া হয়েছে একটি করে কক্ষ। 

একমাত্র স্কুলটিও বন্ধ হবার উপক্রম। ফলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা। শীতে ঘরে প্রবেশ করে ঠাণ্ডা বাতাস। বৃষ্টি এলে পানি ঢুকে। একটি মাত্র ব্যারাক হওয়ায় আলাদা করে ঘরগুলো মেরামতেরও সুযোগ নেই। 

আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীরা জানান, আমরা তো সারতে পারিনি। একজন সারলে তো আরেকজন সারে না। ঝড়-বৃষ্টির সময়ে ঘর উড়িয়ে যাবে এই ভয়ে বসবাস করতে পারি না। শিশু-বৃদ্ধরা শীতে কষ্ট করেছে, এখানে কোন সাহায্য, কোন কাপড়চোপড় পাওয়া যায়নি।
     
রয়েছে সরকারি অনুদান ঠিকঠাক মত না পাওয়ার অভিযোগও।   

রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মোঃ বাবর আলী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহতায়ালা বাঁচিয়ে রাখুন, তিনি টিএনও-ডিসির মাধ্যমে যে জিনিসটা দেন সেই জিনিসটাই আমরা পাই। তাছাড়া চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে গত সাতটি বছরে কোন জিনিস পাইনি।

প্রশাসন বলছে, বরাদ্দ পেলেই ঘরগুলো মেরামতের কাজ শুরু হবে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম বলেন, এর জন্য খরচ নির্ধারণ করে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করেছি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, সংস্কার করার জন্য আমরা যখনই অর্থ বরাদ্দ পাই তখনই যথাযথ সংস্কার কার্যগুলো শুরু করে থাকি।

সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন আশ্রয়ণবাসী।
দেখুন ভিডিও :

এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি