ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের শুল্ক কর্মসূচিকে ‘অবৈধ’ ঘোষণার পর আরও কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক শশুল্কের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে শুক্রবার উচ্চ আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সব আমদানির ওপর তাৎক্ষণিক ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন।

বর্তমান আইন অনুযায়ী, একজন মার্কিন প্রেসিডেন্ট ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। যদিও ট্রাম্পের এই নতুন পদক্ষেপটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, এই ১৫০ দিনের মধ্যে তার প্রশাসন নতুন এবং ‘আইনগতভাবে গ্রহণযোগ্য’ স্থায়ী শুল্ক ব্যবস্থা প্রবর্তনের কাজ সম্পন্ন করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে অনুমোদিত সর্বোচ্চ ১৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। অনেক দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে (আমি আসার আগ পর্যন্ত!), যার কোনও প্রতিকার ছিল না। এখন সেই আইনিভাবে পরীক্ষিত সর্বোচ্চ হার কার্যকর হবে।”

এর আগে সুপ্রিম কোর্ট একটি অর্থনৈতিক জরুরি আইনের অধীনে ট্রাম্পের নেওয়া শুল্ক কর্মসূচিকে বাতিল করে দিয়েছিল। আদালত বলেছিল, ওই আইনের মাধ্যমে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা অবৈধ। 

শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ), ১৯৭৭ প্রয়োগ করে পাল্টা শুল্ক (গত বছর ২ এপ্রিল) আরোপ করেছিলেন। কিন্তু এ আইন প্রেসিডেন্টকে পাল্টা শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।

পরে ওই দিনই ট্রাম্প সব দেশের পণ্যের ওপর ১৯৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পরদিন শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, শুল্কের এই হার ‘পুরোপুরি আইনসম্মত এবং আইনিভাবে পরীক্ষিত ১৫ শতাংশ স্তরে’ উন্নীত করা হয়েছে।

হোয়াইট হাউস শুক্রবারই জানিয়েছে, নতুন শুল্ক ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন অনুযায়ী ১৫০ দিনের জন্য ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি