৪৫ কোটি বছর আগেই পৃথিবীর পরিবেশ বদলে দেয় গাছ: চীনের গবেষণা
প্রকাশিত : ১৫:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ধারণার চেয়ে অনেক আগেই পৃথিবীর ভূমিতে বিস্তার লাভ করে পরিবেশ বদলে দিয়েছিল স্থলজ উদ্ভিদ। চীনা বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় জানা গেছে এ তথ্য। গবেষণাটি পরিচালনা করেন চীনা বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড জিওফিজিক্স বিভাগের গবেষক চাও মিংইয়ু।
গবেষণায় নতুন ভূ-রাসায়নিক প্রমাণ উপস্থাপন করে দেখানো হয়েছে, ৪৫ কোটি ৫০ লাখ থেকে ৪৪ কোটি ৫০ লাখ বছর আগে কিছু উদ্ভিদ প্রাথমিকভাবে স্থলে বিস্তার লাভ করে। আগের গবেষণায় ধারণা করা হয়েছিল, এই ঘটনা ৪২ কোটি বছর আগে ঘটেছিল।
এ কাজে চাওয়ের দলকে সহযোগিতা করেছে ইয়েল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এক্সেটার, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না এবং চীনা বিজ্ঞান একাডেমির ভারটেব্রেট প্যালিওনটোলজি বিভাগ। গবেষণার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচার-এ।
গবেষকদের মতে, স্থলজ উদ্ভিদের তৈরি জৈব পদার্থে জৈব কার্বন ও ফসফরাসের অনুপাত সামুদ্রিক জীবের তুলনায় অনেক বেশি। ভূমিতে গাছপালা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সালোকসংশ্লেষণ বেড়ে যায় এবং স্থলজাত জৈব পদার্থের উৎপাদনও বাড়তে থাকে।
এই জৈব পদার্থ নদীর মাধ্যমে সমুদ্রে পৌঁছে শেষ পর্যন্ত সমুদ্রতলে পলি আকারে জমা হয়, ফলে সেখানকার জৈব কার্বন–ফসফরাস অনুপাত বেড়ে যায়। ওই জৈব কার্বনের উৎপাদন ও সমুদ্রে জমা হওয়া সামুদ্রিক পলির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই অনুপাতটাই মূলত স্থলজ উদ্ভিদের কার্যকলাপ বিশ্লেষণের সূচক হিসেবে কাজ করেছে।
বিভিন্ন অক্সিডেশন অবস্থার সামুদ্রিক পলির রেকর্ড বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, প্রায় ৪৫ কোটি ৫০ লাখ বছর বা লেট অর্ডোভিশিয়ান যুগ থেকে এই অনুপাত দ্রুত বাড়তে শুরু করে।
পরবর্তী মডেল বিশ্লেষণে দেখা গেছে, সমুদ্রের পলিতে জমা মোট জৈব কার্বনের প্রায় ৪২ শতাংশই এসেছে স্থল উৎস থেকে—যা বর্তমান সময়ের ৩০ থেকে ৫৭ শতাংশের কাছাকাছি।
গবেষণায় আরও দেখা গেছে, লেট অর্ডোভিশিয়ান সময়ে জৈব কার্বন–ফসফরাস অনুপাত দুবার দ্রুত বেড়েছিল, যা দুটি বড় কার্বন আইসোটোপ পরিবর্তন ঘটনার সঙ্গে মিলে যায়।
গবেষকদের মতে, প্রায় সাড়ে ৪৫ কোটি বছর আগে প্রাথমিক স্থলজ উদ্ভিদের উত্থান পৃথিবীর পৃষ্ঠের পরিবেশে অক্সিডেশন প্রক্রিয়াকেও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল এবং লেট অর্ডোভিশিয়ান বরফ যুগ ও পরবর্তীতে বড় আকারে বিলুপ্তির পেছনেও ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন










