ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

সুরমা নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি (ভিডিও)

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে একটি সেতু নির্মিত হলে বদলে দিতে পারে এলাকার শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের চিত্র। নদীর পূর্ব তীরে প্রধান ব্যবসা কেন্দ্র সাচনা বাজার। পশ্চিম তীরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের দপ্তর, স্কুল-কলেজ ও হাসপাতাল। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এমন পরিস্থিতিতে সুরমা নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালগঞ্জ উপজেলা। জনসংখ্যা দুই লাখের বেশি। সুরমা নদী বিভক্ত করেছে উপজেলাটিকে। নৌকাই এই উপজেলার যোগাযোগের একমাত্র অবলম্বন।

পূর্ব তীরের লোকজনকে স্কুল-কলেজ, ব্যাংক, প্রশাসনিক ও স্বাস্থ্য সেবা পেতে যেতে হয় পশ্চিম তীরের উপজেলা সদরে। অন্যদিকে পশ্চিম তীরের তিনটি ইউনিয়নের লোকজনের নদী পার হয়ে আসতে হয় প্রধান ব্যবসা কেন্দ্রে। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

এলাকাবাসী জানান, মুমূর্শ রোগী নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। কারণ ফেরিগুলো দিনে চলাচল করে রাতে বন্ধ থাকে। স্কুল-কলেজে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী। এর উপর ব্রিজ নির্মাণের কোন বিকল্প নাই। ব্রিজটি আমাদের প্রাণের দাবি, দ্রুত ব্রিজের কাজটি বাস্তবায়ন হোক।

জামালগঞ্জ ও সাচনাবাজারের মাঝখানে সুরমা নদীতে সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব বলেন, জামালগঞ্জ এবং সাচনাবাজারের মধ্যে একটি ব্রিজের আবশ্যকতা রয়েছে। এটা সরকারের প্রকৌশলী প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই করছেন।

সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, ইতিমধ্যেই ব্রিজের নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এপ্রোচসহ ১২শ’ ১০ মিটার নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে সাইড সিলেকশনের পর এটা নির্ধারিত হবে।

এই স্থানে সেতু নির্মাণ হলে উপজেলা সদরের সাথে জেলা সদরের দূরত্ব কমবে ১৭ কিলোমিটার।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি