ঢাকা, শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার এই অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। এই অস্ত্রের মধ্যে রয়েছে বোমা, বোমার লক্ষ্য নির্ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলা করতে পারবে, নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার হবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় আরও উন্নত হবে। 

প্রস্তাবিত এ অস্ত্র চুক্তির অধীনে বোয়িং কম্পানি মূল ঠিকাদার হিসেবে ৫,০০৪টি কেএমইউ-৫৭২ ও ৫০০০টি কেএমইউ-৫৫৬ জেডিএএম গাইডেন্স কিট, ৫০০ ও ২০০০ পাউন্ড ওজনের প্রায় দশ হাজার বোমা, ফিউজ সিস্টেম ও টার্গেট ডিটেক্টর সরবরাহ করবে। যার মাধ্যমে সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা ও আকাশপথের প্রতিরক্ষা শক্তিশালী হলেও অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এই অস্ত্র বিক্রি ‘ন্যাটো জোটের সদস্য নয়, এমন একটি প্রধান মিত্রের নিরাপত্তা জোরদারের মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও এটি সহায়তা করবে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সৌদি আরবের কাছে বোমা বিক্রির এই প্রস্তাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে অবহিত করেছে। তবে চূড়ান্তভাবে অস্ত্র বিক্রির জন্য এখনও মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এর আগে সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘১২৩ চুক্তি’ নামে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই অস্ত্র চুক্তি এবং পারমাণবিক সহযোগিতা—উভয় পদক্ষেপই দুই দেশের মধ্যকার বহুদিনের কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি