ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি “শেষ হয়েছে” বলে এক বিবৃতিতে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের একজন মুখপাত্র। মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, তেহরানের বর্তমান নীতি হবে “আঘাতের বদলে আঘাত”।

জোলফাকারি আরও বলেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে “এক লিটার তেলও” পৌঁছুতে দেবে না ইরান। তাদের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে- বলেন তিনি।

তিনি আরো বলেন, “ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন”।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে।

“কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে আহত একশ’ জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে” বলে আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।

বিউরিং ঘাঁটি আগে আদিরি নামে পরিচিত ছিল এবং এটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত।

বিবৃতিতে আইআরজিসি আরেও জানিয়েছে, তারা বাহরাইনের “মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে” ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এছাড়াও বিবৃতিতে বলা হয়, “কুয়েতের দুটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’ এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা” করা হয়েছে।

“আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে”- এমন ঘোষণা দিয়ে বিবৃতিটি শেষ করেছে আইআরজিসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি