হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১১:১৯, ২৪ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।
মঙ্গলবার (২৪ আগস্ট) তাঁর এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সফরকালে আল-বুসাইদি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতা। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরে দুই দেশের অভিন্ন দায়িত্ব ও স্বার্থের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, ইরান ও ওমানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং হরমুজ প্রণালীর তীরবর্তী দেশ হিসেবে দুই পক্ষের নিয়মিত রাজনৈতিক যোগাযোগ অব্যাহত রাখাই সফরের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথকে ঘিরে যেকোনো উত্তেজনা বা অনিশ্চয়তা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এমএইচ
আরও পড়ুন










