ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

উখিয়া সীমান্তে ৪ লাখ ইয়াবা উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় বুধবার রাতে ইয়াবা কারবারীদের সঙ্গে গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকেই আটক করতে পারেনি তারা। 

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ।

তিনি জানান, বিজিবি রেজুপাড়া ক্যাম্পের একটি টিম সংবাদ পায় নাইকংছড়ি সীমান্ত দিয়ে উখিয়ার রত্নাপালং হয়ে ইয়াবার একটি চালান আসবে। এই খবরের সুত্র ধরে বুধবার গভীর রাতে সীমান্তের পাহাড়ী এলাকায় অবস্থান নেয় বিজিবি’র একটি টিম। এ সময় কারবারিরা বস্তায় করে ইয়াবা নিয়ে আসার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। তখন ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। 

এক পর্যায়ে ইয়াবা কারবারিরা বস্তা ফেলে সীমান্তের পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। আজ সকাল পর্যন্ত উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া ৪ লাখ ইয়াবা উদ্ধার করে হয় বলে জানান তিনি। 

তিনি আরও জানান, ইয়াবা কারবারিরা সাম্প্রতিককালে মিয়ানমার থেকে নাইকংছড়ির পাহাড়ি সীমান্তবর্তী এলাকাকে ইয়াবা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। তাই বিজিবি ওই এলাকায় দিনে ও রাতের বেলায় টহল জোরদার করেছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রেজুআমতলী সীমান্ত এলাকায় ইয়াবা কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ২ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিলো বিজিবি। 
এএইচ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি