ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়ার খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান গভর্নর ড. আহসান এইচ মনসুর। এরপর কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় সদ্য বিদায়ী গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে একদল কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) তার বিদায়ের পর এ ঘটনা ঘটে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিছু কর্মকর্তা সকালে প্রধান কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টার কক্ষে অবস্থান নিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আহসান উল্লাহকে নিরাপত্তার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে বলা হয়। পরে কর্মকর্তাদের চাপের মুখে তিনি ভবন ত্যাগ করেন বলে জানা যায়।

ঘটনার সময় ভবনের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কর্মকর্তাদের একটি অংশ দাবি করেছেন, সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত ইস্যুতে অসন্তোষ থেকেই এ কর্মসূচি।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি