চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
প্রকাশিত : ১৯:০০, ২২ মে ২০২৬
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দল ঘোষণায় বেশ চমক দেখিয়েছেন ইংলিশদের কোচ থমাস টুখেল।
শুক্রবার (২২ মে) ঘোষিত এই দলে জায়গা হয়নি কোল পালমার, ফিল ফোডেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো তারকাদের। অন্যদিকে চমক হিসেবে দলে ফিরেছেন সৌদি আরবের ক্লাব আল আহলিতে খেলা স্ট্রাইকার ইভান টনি।
ইউরো ২০২৪–এ ইংল্যান্ডের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পালমার ও ফোডেনের। তবে ক্লাব পর্যায়ে হতাশাজনক মৌসুম কাটানোর কারণে চেলসির পালমার ও ম্যানচেস্টার সিটির ফোডেন এবার বিশ্বকাপ দলে জায়গা হারিয়েছেন। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডও।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পাওয়া টনিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ২০২৪ সালে সৌদি আরবে যাওয়ার পর জাতীয় দলের হয়ে মাত্র দুই মিনিট খেললেও তিনি জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে। দুই বছর আগে ইউরোতে বদলি হিসেবে নেমে দারুণ পারফর্ম করেছিলেন এই স্ট্রাইকার।
৬০ বছরের আন্তর্জাতিক শিরোপাখরা ঘোচানোর লক্ষ্যে টুখেলকে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। সাবেক পিএসজি ও বায়ার্ন মিউনিখ কোচ দল ঘোষণার পর জানিয়েছেন, বিশ্বকাপ দল থেকে তারকা খেলোয়াড়দের বাদ পড়ার খবর জানানোটা ছিল আবেগঘন ও কঠিন একটি কাজ। টুখেল বলেন, ‘এটা কঠিন ছিল, অনেক সময় কষ্টদায়কও। ফোনালাপগুলোতেও আমি আবেগ অনুভব করেছি। ক্যাম্পে আমাদের সঙ্গে থাকা প্রত্যেক খেলোয়াড়কে অন্তত একবার ফোন করেছি। তারা যা করেছে, তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এটা করেছি।’
দল নির্বাচন নিয়ে নিজের ভাবনাও ব্যাখ্যা করেছেন টুখেল। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের ক্যাম্পে যারা ভালো করেছেন, তাদের ওপরই বেশি আস্থা রেখেছেন তিনি, ‘আমি কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসি, কারণ শেষ পর্যন্ত এগুলো স্পষ্টতা আনে। দলকে বাড়তি ধার দেয়, আর অনেক দূর যেতে সেটাই প্রয়োজন। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায়—আমরা কাদের সত্যিই বিশ্বাস করি, কারা আমাদের হয়ে পারফর্ম করেছে, সেপ্টেম্বর থেকে কারা দলের সংস্কৃতি গড়ে তুলেছে, মানদণ্ড স্থাপন করেছে, কারা নেতৃত্ব দিয়েছে। আমরা সেই ভিত্তির ওপরই বেশি নির্ভর করেছি, কারণ সংযোগটা থাকা জরুরি।’
আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ২৩ জুন ঘানার মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন পানামার বিপক্ষে খেলবে থ্রি লায়ন্সরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্তো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেড স্পেন্স (টটেনহ্যাম)।
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরেচি এজে (আর্সেনাল)।
ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টনি (আল-আহলি), ওলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা, ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।
এমআর//










