চ্যালেঞ্জিং হলেও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে: যোগাযোগমন্ত্রী
প্রকাশিত : ১৫:১৬, ২২ মে ২০২৬ | আপডেট: ১৫:১৯, ২২ মে ২০২৬
অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা খুবই চ্যালেঞ্জ হলেও এবার স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম।
শুক্রবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেল এর যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিহত ও আহত মধ্যে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহতের পরিবার এই ক্ষতিপূরণের চেক পান।
মন্ত্রী বলেন, মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশুকে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। আমাদের অবকাঠামো ও পরিবহন নিয়ে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে কারণে ঈদ যাতায়াতটি নির্বিঘ্নে ও আরামদায়ক করা কষ্টকর হয়ে যায়। আমি মনে করি, সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদ যাত্রা স্বস্তির বলে নিশ্চিত করতে পারবো।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোঃ জিয়াউল হক; বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রবিউল আলম বলেন, প্রতি বছর গড়ে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যার প্রধান দুটি কারণ চালকের অদক্ষতা ও আনফিট বাস। জনগনের অসচেতনতাও আছে। তবে আমাদের এসব কমিয়ে আনতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে সরকার ভাববে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, আমরা দায়িত্ব ঈমানের সাথে পালনের চেষ্টা করছি। দুর্ঘটনার স্থান ও কারণ চিহ্নিত করে আগে থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে, দুর্ঘটনার পরিমাণ কমে আসছে।
মনিরুল হক চৌধুরী এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাননীয় মন্ত্রী আমি জানতে চাই- নিহতের সংখ্যা কত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কত খরচ হয়েছে?
এএইচ
আরও পড়ুন










