ঢাকা, সোমবার   ০৯ মার্চ ২০২৬

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বিপিসিতে বড় রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটে সৃষ্ট জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যে হঠাৎ বিপিসির বড় পদে এ রদবদল আনা হলো।

রোববার (৮ মার্চ) সংস্থাটির এক অফিস আদেশে একাধিক কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়। 

তবে, হঠাৎ এ রদবদলের কারণ সম্পর্কে সংস্থাটির কোনও কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

আদেশ অনুযায়ী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে দায়িত্ব পালন করবেন। বাণিজ্য ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বাণিজ্য ও অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে চেয়ারম্যানের দফতরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবিরকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-মহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে সচিব দফতরে সংযুক্ত করা হয়েছে।

ব্যবস্থাপক ইসতিয়াক হোসেনকে হিসাব/ফান্ড হিসাব বিভাগ থেকে বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। আর ব্যবস্থাপক বদরুল ইসলাম ফকিরকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে নিরীক্ষা বিভাগে এবং ব্যবস্থাপক আল-আমীনকে নিরীক্ষা বিভাগ থেকে হিসাব/ফান্ড বিভাগে পদায়ন করা হয়েছে।

মেঘনা পেট্রোলিয়ামের সিনিয়র সেলস অফিসার শিশির আইচকে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। যমুনা অয়েলের লিগ্যাল অ্যান্ড এস্টেট বিভাগের আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলীকে বিপিসিতে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কনিষ্ঠ কর্মকর্তা গোলাম রব্বানীকে নিরীক্ষা বিভাগ থেকে সংস্থাপন শাখায় বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বদলি, পদায়ন ও সংযুক্ত হওয়া কর্মকর্তাদের সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি