জয় দিয়ে সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত : ২০:১৪, ১ মার্চ ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।
রোববার (১ মার্চ) গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।
৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগামী ৪ মার্চ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এদিকে সুপার এইটে ৩ ম্যাচের একটিও জিততে পারেনি জিম্বাবুয়ে।
দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক সিকান্দার রাজার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন রাজা।
এছাড়া ক্লাইভ মাদান্দে ২০ বলে অপরাজিত ২৬ ও ব্রায়ান বেনেট ১৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ ও কিউনা মাফাকা ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ডেওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২, রায়ান রিকেলটন ২২ বলে ৩১ ও জিওর্জি লিন্ডে ২১ বলে অনবদ্য ৩০ রান করেন। জিম্বাবুয়ের রাজা ২৯ রানে ৩ উইকেট শিকার করেন। ব্যাট-বল হাতে অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হন রাজা।
এমআর//










