ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের পথে রেল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে মাইজগাঁও ও বিয়ানীবাজারের মাঝে গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ওয়াগন ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

বিষয়টি জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান।

তিনি বলেন, ট্রেনের ৮টি ট্যাংকারের মত ৭টি রেল লাইনের পাশে পড়ে যায়। এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘তেলবাহী ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে লোকজন হুমড়ি খেয়ে পড়েন। অগ্নিঝুঁকির মধ্যে তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে শত শত মানুষ। রাতের বেলা অন্ধকারের মধ্যে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।’

স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে আটকা পড়ে। পরে যাত্রা বাতিল করে ট্রেনটি সিলেট ফিরে যায়।

দুর্ঘটনা কবলিত তেলের ট্যাংকারগুলো উদ্ধারে রাতে কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

তবে সেগুলো সরিয়ে আবার রেল যোগাযোগ স্বাভাবিক করতে বেশ সময়ের প্রয়োজন বলে জানান খলিলুর রহমান।

এদিকে সিলেট থেকে ঢাকাগামী জয়িন্তকা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি