ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

দায়িত্ব নেওয়ার দিনই নির্বাচন করার ঘোষণা দিয়ে রাখলেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) দায়িত্ব পেয়েই রাতে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা আয়োজন করেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক এই অধিনায়ক। 

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, অ্যাডহক কমিটির প্রধান হিসেবে কি তিনি আগামী বিসিবি নির্বাচনে অংশ নেবেন? সংবাদ সম্মেলনে কোনো লুকোছাপা না করেই তামিম জানিয়ে দিলেন,‘অবশ্যই, অবশ্যই আমরা ইলেকশন করবো। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি বা উনার (তানজিল চৌধুরী) ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারেন, উনার (অন্য একজনকে দেখিয়ে) ইচ্ছা নাও থাকতে পারে, উনি নাও করতে পারেন।’

তিনি বলেন, ‘আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, খালি আমরা না— যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে, সবাই অংশগ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে এটা যারা যারা আছেন বোর্ডের ক্রিকেটারস, অর্গানাইজারস, এভরিওয়ান, এভরিবডি শুড পার্টিসিপেট।’

তামিম ইকবাল বলেন, ‘আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা, ওই অ্যাটমোস্ফেয়ারটা ক্রিয়েট করে দেবো। যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে।’

তামিম বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে দেশের ক্রিকেটের হারানো সম্মান ও রেপুটেশন ঠিক করা। এই কঠিন পথে আমি ক্রীড়া সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।’

একটি স্বচ্ছ বোর্ড গঠন এবং বৈশ্বিক আসরে ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন ক্রিকেট সংস্কৃতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত এই সভাপতি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি