ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬

নতুন কোচের খোঁজে বাফুফে, আবেদন করতে পারবেন কাবরেরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। তার সঙ্গে চুক্তি নবায়ন না করার গুঞ্জনের মধ্যে নতুন কোচ নিয়োগে শিগগিরই বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে বাফুফে।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, নতুন কোচের সিভি নেওয়া শুরু হবে। চাইলে কাবরেরাও আবেদন করতে পারবেন। 

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আজ থেকেই নতুন কোচের সিভি নেয়া শুরু হবে। কাবরেরা যদি আবারও দায়িত্ব নিতে চান, তাকেও অন্য প্রার্থীদের মতো ইন্টারভিউ দিয়ে আসতে হবে।’

আবারও কাবরেরাকে সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাকে (কাবরেরা) সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’

২০২২ সালের জানুয়ারিতে স্প্যানিশ কোচ কাবরেরাকে দায়িত্ব দেয় বাফুফে। তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্যের অভাব নিয়ে সমালোচনা ছিল।

পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ক্যাবরেরার অধীনে গত চার বছরে লাল-সবুজ জার্সিধারীরা মোট ৩৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে। এর মধ্যে জয় এসেছে ১০টি ম্যাচে, ড্র হয়েছে ১০টিতে এবং হারতে হয়েছে বাকি ১৯টি ম্যাচে।

তার মেয়াদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হয় ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপকে।  সেই টুর্নামেন্টে ভারতকে হারানোর পাশাপাশি দীর্ঘ ১৪ বছর পর সেমিফাইনালে ওঠার দারুণ এক স্মৃতিও দলকে উপহার দিয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে দল নির্বাচন এবং স্কোয়াড গঠন নিয়ে তাকে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে ফুটবল ভক্তদের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ বাড়ছিল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি