ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

নাসিরনগরে মাইক্রোবাসে ডাকাতি, আহত ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার চাপরতলা-সালাম বাজারের মধ্যবর্তী তারাউল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

ডাকাতরা মাইক্রোবাসের আরোহীদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার শীতবস্ত্র, নগদ ৬০ হাজার টাকা, ২০টি মোবাইল সেট ও ২টি ডিএসএলআর ক্যামেরা লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় জুয়েল  আহমেদ-(২৬) নামে একজন আহত হন।

ডাকাতির শিকার পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মোঃ বোরহান উদ্দিন জানান, পথশিশু কল্যাণ ফাউন্ডেশন একটা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।  তিনি তার সংগঠনের ১৪ সদস্যকে নিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার শীতবস্ত্র নিয়ে একটি মাইক্রোবাসযোগে সিলেট শাহজালাল ও শাহপরাণ মাজারে অবস্থানকরা অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বুধবার ভোর পৌনে ৬টায় নাসিরনগর উপজেলার ভোলাউক গ্রাম থেকে চাপরতলা দিয়ে রতনপুর যাওয়ার পথে তারাউল্লা নামক স্থানে ডাকাতরা শীতবস্ত্রবাহী মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতি করে। 

এসময় ডাকাতরা সংগঠনের সদস্যদের মারধর করে টাকা-পয়সা,মোবাইল ফোনসেট ও শীতবস্ত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় সংগঠনের সদস্য জুয়েল  আহমেদ আহত হন। আহত জুয়েলকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা  হয়। 

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ বোরহান উদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি