ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

পিডব্লিউডির কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় আবাহনীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গত মৌসুমের রানার্সআপ আবাহনী এবার ফেডারেশন কাপে প্লে-অফে উঠতে পারেনি। পিডব্লিউডির কাছে হেরে সব হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি।

চার ম্যাচ শেষে ঢাকা আবাহনীর পয়েন্ট মাত্র চার। শেষ চারে খেলতে হলে মঙ্গলবার (২৮ এপ্রিল) পিডব্লিউডির বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না। জিতলে আবাহনীর পয়েন্ট দাঁড়াত ৭, তখন রহমতগঞ্জ ও ফকিরেরপুল ম্যাচে রহমতগঞ্জ পয়েন্ট হারালেই কেবল আবাহনী পরের পর্বে উঠতে পারত।  বসুন্ধরা কিংস অ্যারেনায় ০-১ গোলে হেরেছে পিডব্লিউডির কাছে।

মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। কুমিল্লায় শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ ও ফকিরেরপুলের ম্যাচ দেরিতে শুরু হলেও কিংস অ্যারেনায় অবশ্য পৌঁনে তিনটায় যথাসময়ে আবাহনী-পিডব্লিউডি ম্যাচ শুরু হয়েছে। বৃষ্টিতে কিংস অ্যারেনায় স্বাভাবিক ফুটবল খেলতে কষ্ট হয়েছে দুই দলেরই। ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আব্দুল্লাহর দারুণ ফিনিশিংয়ে পিডব্লিউডি এক গোলের লিড পায়। ম্যাচের বাকি সময় সেই লিড বজায় রাখে তারা। আবাহনী অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি। ২০২০ সালে আবাহনী রহমতগঞ্জের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল। পাঁচ বছর পর আবার ফেডারেশন কাপের শেষ চারে উঠতে ব্যর্থ হলো।

এ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্টে ব্রাদার্স ইউনিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন। আবাহনীকে হারিয়ে পিডব্লিউডি চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার আশা তৈরি করেছিল। এজন্য তাদের প্রয়োজন ছিল রহমতঞ্জের হার। ফকিরেরপুল পুরান ঢাকার রহমতগঞ্জের সঙ্গে লড়াই করলেও জিততে পারেনি। এতে পিডব্লিউডির কষ্ট আরো বাড়িয়েছে। কারণ রহমতগঞ্জ ড্র করায় তাদের সমান ছয় পয়েন্ট হয়েছে। রহমতগঞ্জ ২-০ গোলে পিডব্লিউডিকে হারিয়েছিল। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় হেড টু হেডে এগিয়ে থাকায় এ গ্রুপের রানার্স আপ হয়ে পরের পর্বে খেলবে রহমতগঞ্জ।

'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে। ঐ ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। পরাজিত দলের আরেকটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। দুই গ্রুপের দুই রানার্স আপ রহমতগঞ্জ ও মোহামডোন মুখোমুখি হবে। ঐ ম্যাচের জয়ী দলকে আবার কিংস-ব্রাদার্স ম্যাচের পরাজিত দলের সঙ্গে খেলতে হবে। ঐ ম্যাচের জয়ী দল আরেক ফাইনালিস্ট হবে। গত দুই মৌসুম থেকে ফেডারেশন কাপ প্রথাগত সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের আইপিএলের আদলে শেষ চারের খেলা হয়। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি