ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

প্যাকেটজাত খাদ্যের সতর্কবার্তা বিষয়ক ২ মাসব্যাপী প্রচারণা কর্মসূচির উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫১, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়র মোড়কের সামনে সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো একটি মাসমিডিয়া ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এই প্রচারণা কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রজ্ঞা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, ডাব্লিউবিবি ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সিএলপিএ সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস-সম্পর্কিত অসংক্রামক রোগের (এনসিডি) ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশেরই মূল কারণ অসংক্রামক রোগ, যার মধ্যে হৃদরোগ এবং টাইপ-২ ডায়াবেটিস অন্যতম। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৩১.৮ শতাংশ অতিরিক্ত ওজন এবং ১৩.৪ শতাংশ মানুষ স্থূলতায় আক্রান্ত, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে।

খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে থাকা অষ্টভুজ আকৃতির সতর্কতামূলক লেবেল ভোক্তাদের দ্রুত স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সাহায্য করে। পুষ্টি-সংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপনের মাধ্যমে এই লেবেল মানুষকে অস্বাস্থ্যকর পণ্য কেনা থেকে নিরুৎসাহিত করে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস-সম্পর্কিত রোগের বোঝা কমানোর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত কার্যকর ও প্রমাণভিত্তিক নীতি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।

প্রচারণা কর্মসূচিটি উদ্বোধন করে প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অতিরিক্ত চিনি, লবণ ও চর্বিযুক্ত অস্বাস্থ্যকর মোড়কজাত খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে কর্তৃপক্ষ মোড়কের সামনে সতর্কবার্তা (এফওপিএল) সংক্রান্ত প্রয়োজনীয় প্রবিধানমালা প্রণয়নে কাজ করছে।

আগামী দুই মাসব্যাপী এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র এবং গুগল বিজ্ঞাপনের মাধ্যমে ভিডিও, অডিও ও স্থিরচিত্র প্রচার করা হবে। এই প্রচারণার মূল লক্ষ্য হলো প্যাকেটজাত খাদ্যের অস্বাস্থ্যকর উপাদান সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের এফওপিএল প্রবিধানমালা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।

এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব এবং গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। ঢাকা আহছানিয়া মিশনের ইকবাল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাব্লিউবিবি ট্রাস্টের সাইফুদ্দিন আহমেদ, প্রজ্ঞার এবিএম জুবায়ের এবং সিএলপিএর অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি