ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

বিমান বানিয়ে আলোচনায় ঠাকুরগাঁওয়ের সালাউদ্দিন (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

স্বপ্ন ছিলো পাইলট হওয়ার, অভাবের কারণে সম্ভব হয়নি। এক পর্যায়ে নিজেই বিমান তৈরির কাজ শুরু করেন। ২০১৭ সালে চালকবিহীন বিমান বানানো শুরু করে দীর্ঘ চার বছরে আসে সফলতা। ২০২০ সালের সেপ্টেম্বরে আকাশে উড়ে ছোট্ট এক বিমান। বলছিলাম ঠাকুরগাঁওয়ের সন্তান সালাউদ্দিনের কথা।

আকাশ ছুঁতে পেরেছেন সালাউদ্দিন। ছোটবেলা থেকেই ভাবতেন কীভাবে বিমানের পাইলট হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগে পড়লেও ভালোলাগতো বিজ্ঞান পড়তে। কয়েকজন বিজ্ঞানমনস্ক বন্ধু নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন বিজ্ঞান ক্লাব। প্রথমে তারা শুরু করে ড্রোন বানানোর কাজ। পরে বাঁশ, কাঠ, কর্কশীট ও ফোমশীট ব্যবহারের মাধ্যমে ড্রোন প্রযুক্তিতে তৈরি হয় বিমান। 

উদ্ভাবক সালাউদ্দিন জনি জানান, আমার আর্থিক সমস্যা থাকায় অনেক দিন ধরে বেশ কিছু টাকা জমিয়ে প্রাথমিক পর্যায়ে কিছু পার্টস কিনে কাজ শুরু করি। বিভিন্ন চড়াই-উৎড়াই পার হয়ে অনেক চেষ্টা-সফলতা-ব্যর্থতার পরে ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি এসে আমি আমার পরীক্ষামূলক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি উড়াতে পারি।

পাঁচ কিলোমিটার নিয়ন্ত্রণ সীমারেখার ভেতরে সর্বোচ্চ ২ হাজার ফুট উচ্চতায় ২০ মিনিট উড়তে পারে এ বিমান।

সালাউদ্দিন জানায়, এটি ব্যবহার করে নির্দিষ্ট এরিয়া মনিটরিং, ছবি-ভিডিও নেওয়ার ক্ষেত্রে ভার্চ্যুয়াল ক্যামেরায় ব্যবহারের মাধ্যমে এটি বিনেদনমূলক কাজে ব্যবহার করা যেতে পারে।

উড্ডয়ন দেখতে ভিড় করে উৎসুক জনতা। প্রথমে অনেকে বিশ্বাস না করলেও পরে বিস্মিত হন তাঁরা।

আগন্তুকরা জানান, তার যে ইনোভেশন, তার যে আবিষ্কার- এটা আমাদের জন্য গর্বের বিষয়। আকাশে বিমান উড়তে দেখে হঠাৎ চমকে গেলাম যে অনেক বড় বিমান, কাছে এসে দেখি এটি ছোট বিমান। 

আরেকজন জানান, আমার কাছে খুবই চমৎকার লেগেছে যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা ঠাকুরগাঁও জেলার একজন নবীন বৈমানিক এটি আবিষ্কার করেছে।
 
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের মেধায় বিমান বানানোর প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
                                         
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়েও চিঠি লিখবো। যদি সেখান থেকেও কোন সহযোগিতা পাওয়া যায় আমরা তাকে অবশ্যই সার্বিক সহযোগিতা করবো।
    
সালাউদ্দিন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি