ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। 

তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজ বাংলাদেশ ও অনূর্ধ্ব-২০ দলও।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। ১২ মিনিটে আশিকুর রহমানের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে লিড নেওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।

উল্টো খেলার ধারার বিপরীতে ১৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল হজম করে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনান বেঞ্জামিন সুলিভানের কর্নার থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আব্দুল রিয়াদ ফাহিম। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে লড়াই আরও জমে ওঠে। ৬৩ মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দুদু দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন তিনি। ম্যাচের শেষ দিকে রোনান একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে ভারত জিতেছিল ৩-০ গোলে। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ১ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।  ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

উল্লেখ্য, সাতবারের এই প্রতিযোগিতায় ভারত চারবার এবং নেপাল দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। গত আসরে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার এই ক্যাটাগরিতে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি