ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতে আওয়ামী লীগের দাফন হয়েছে, এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১১, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ একটি ‘খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী’ দল। তার দাবি, ভারতে আওয়ামী লীগের ‘দাফন’ হয়ে গেছে, তাই দলটিকে ঘিরে অধ্যায় শেষ হয়েছে। এ কারণে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের তুলনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির ভোলা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, দলটির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এনসিপি তা নিয়ে কথা বলবে। তবে এসব কারণে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দেখা হবে না।

সারজিস আলম বলেন, বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তার অভিযোগ, দলটি ধীরে ধীরে রাজনৈতিকভাবে ‘লাইনচ্যুত’ হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে।

তিনি আরও অভিযোগ করেন, চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের দলীয় বিবেচনায় সুযোগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটিকে বিএনপির ‘পুরনো কায়দা’ উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

এনসিপির এই নেতা বলেন, বিএনপি যদি এসব কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে বিএনপির পক্ষে পাঁচ বছর ক্ষমতায় থাকা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সাংগঠনিক সমন্বয় সভায় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন সারজিস আলম। তিনি ভোলার প্রতিটি উপজেলা, থানা ও ইউনিয়নে দলীয় কমিটি গঠনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও শাহাদাত খন্দকার মঞ্জু, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলাম এবং ভোলা জেলা সভাপতি মাকসুদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি