বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষি ও মৎস্যকর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্র
প্রকাশিত : ১৮:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি খাতে এবং আরও ৫ হাজার কর্মী মৎস্য খাতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে ওমানের কৃষি মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষিকর্মী এবং সমপরিমাণ মৎস্যকর্মী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে কর্মীর সংখ্যা হবে ১০ হাজার।
তিনি বলেন, কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে বর্তমানে ওমানের ভিসা কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। আগের সরকারের সময় থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে জন্য কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে বর্তমান সরকার।
শামা ওবায়েদ আরও বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওমান সরকারের কাছেও এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যাতে ওমানের বিভিন্ন খাতে কাজের সুযোগ পান, সে বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বৈঠকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
এমএইচ
আরও পড়ুন










