ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

মুশফিকের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের ৪৬ রানসহ পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রানের পাহাড়সম রান। 

চা-বিরতির আগে ৯০ রানে অপরাজিত থাকা মুশফিক বিরতি থেকে ফিরেই ক্যারিয়ারের ১৪তম টেস্ট শতক পূর্ণ করেন। এই সেঞ্চুরির পথেই মুশফিক গড়েছেন জোড়া ইতিহাস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। এছাড়া এই শতকের মাধ্যমে মুমিনুল হককে (১৩টি সেঞ্চুরি) টপকে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কেবলই মুশফিক। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৩৩ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১৩৭ রানের এক রাজকীয় ইনিংস খেলেন তিনি।

সোমবার (১৮ মে) তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো করতে পারেনি টাইগাররা। সকালের সেশনেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫)। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। তবে শান্তর বিদায়ের পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে লিটন খেলেন ৯২ বলে ৬৯ রানের ইনিংস।

লিটন ও মিরাজের (১৯) বিদায়ের পর তাইজুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিক। সপ্তম উইকেটে এই দুজনে যোগ করেন ৭৭ রান। তাইজুল ৫১ বলে ২২ রান করে সাজিদ খানের বলে ক্যাচ আউট হন। এরপর দ্রুত রান তুলতে গিয়ে তাসকিন আহমেদ (৬) ও শরীফুল ইসলাম দ্রুত সাজঘরে ফিরলে ৩৯০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১১০/৩) ২৬.৪ ওভারে ১১০/৩ (শান্ত ১৫, মুশফিক ১৩৭, লিটন ৬৯, মিরাজ ১৯, তাইজুল ২২, তাসকিন ৬, শরিফুল ১২, নাহিদ ০*; আব্বাস ২৩-২-৬৬-১, শাহজাদ ২০-৩-৮৬-৪, হাসান ২৩-২-৮৩-২, সাজিদ ৩৩.২-২-১২৬-৩, সালমান ১-০-৫-০, শাকিল ২-০-১৩-০)। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি