ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬

শক্তিশালী চীনের বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

এশিয়ান কাপের অভিষেক আসরে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে। নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলের ব্যবধানে হারলেও ম্যাচজুড়ে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন ঋতুপর্ণা-আফঈদারা।

মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তারা। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন। এর মাঝে নিজেদের গুছিয়ে নেয় বাটলারের শিষ্যরা। 

ম্যাচের ১৪ মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। বাঁ উইং ফাঁকা পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।

ম্যাচের ২৪ মিনিটে  বাংলাদেশের জালে বল পাঠায় চীন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে দেন। এরপর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং।

এরপর ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। এতে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চীন। 

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। বেশ কয়েকবার চীনের দূর্গে হানা দেয় ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা। বাংলাদেশের আক্রমণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হন চীনের ফুটবলাররা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি