শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে রাবিতে রাতভর উত্তেজনা
প্রকাশিত : ১০:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও স্টেশন কার্যালয়ে ভাঙচুর চালায়।
পরে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এরা হলেন- স্টেশনের নিরাপত্তা কর্মী আরিফ হোসেন, রোকন উদ্দীন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।
শিক্ষার্থীরা জানায়, রোববার রাত ১০টার দিকে স্টেশনে মারধরের শিকার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। চাচাকে নিতে আইয়ুব আলী স্টেশনে গেলে তার সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আইয়ুব আলীকে তারা মারধর করে।
পরে তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে রাত পৌনে ১২টার দিকে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী স্টেশনে যায়। তারা স্টেশন কার্যালয়ের জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করেন।
অবরোধের কারণে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসও নির্ধারিত সময়ে রাজশাহী স্টেশন ছাড়তে পারেনি।
এএইচ
আরও পড়ুন










