ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার ভারতে যাওয়া ও ফেরতের বিষয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া ও ফেরত পাঠানোর বিষয়টি স্পষ্ট করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান।

শনিবার (৩ অক্টোবর) বেঅব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বারবারই ভারত সরকার এটা বলে আসছে যে, এর (হাসিনার প্রত্যর্পণের) একটা প্রক্রিয়া রয়েছে এবং সেটা আইনি প্রক্রিয়া। যতটুকু জানি, তাকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। তবে, তাকে কবে ফেরত পাঠানো হবে এ সম্পর্কে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসেনি। সেই সময়ে বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতির কারণে এটি ঘটেছিল এবং আমরা আশা করি যে, এটি যেন কখনও না ঘটে যেখানে নিরীহ মানুষ মারা যায়। বিশ্বের কোন অংশে এমন হচ্ছে তা বিবেচ্য নয়।’ 

ভারতীয় হাইকমিশনার বলেন, হাসিনা যখন ভারতে যান তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতেরও তার অনুরোধে সাড়া দেওয়ার দরকার ছিল। আমি টিভিতে দেখছিলাম আর সেখানে বলা হচ্ছিল যে, হাসিনা তার দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। এটা প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব ছিল। আমরা যদি তাকে ভারতে আসার সুযোগ না দিতাম তখন কী হতো কিছুই বলা যায় না।

হাইকমিশনার বলেন, এটাই ছিল সেই সময়ের ঐতিহাসিক বাস্তবতা। আর বর্তমান পরিস্থিতিতে যে আইনগত প্রক্রিয়া রয়েছে, সেটি তার নিজস্ব গতিতে চলছে। বাংলাদেশ যেমন একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ এবং দেশটির মানুষ আইনের শাসন ও বিচারব্যবস্থাকে সম্মান করে, ভারতও একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ হিসেবে তার আইনগত প্রক্রিয়াকে সম্মান করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি