ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ২৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জাদুতে মালদ্বীপে চলমান ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (২৪ মার্চ) মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দলের হয়ে অভিষেকেই জোড়া গোল করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল মার্ক কক্সের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি লাল সবুজরা। অনেক প্রচেষ্টার পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন রোনান সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এ ফরোয়ার্ড।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন মো. মুর্শেদ আলী। ৬১তম মিনিটে ডি-বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল করে দেন ম্যাচ রেফারি। 

৬৫তম মিনিটে ডি-বক্স থেকে নেয়া মুর্শেদ আলীর নিচু শট গোলবার ঘেঁষে বাইরে চলে যায়। ৬৭তম মিনিটে লাল সবুজদের ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান। সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে আলতো হেডে জালে জড়ান তিনি।

৮৪তম মিনিটে একটুর জন্য ব্যবধান ৩-০ করতে পারেনি বাংলাদেশ। শ্রী সুমনের ক্রস গোলমুখে পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যদের।

এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।

এমআর//  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি