ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড, খেলবে চট্টগ্রাম ও ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৪১, ১৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের এই দ্বি-পাক্ষিক সিরিজটি।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরসূচি থেকে জানা যায়, ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুই দল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা থেকে।

ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ, যা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি খেলতে পুনরায় ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে দুপুর ২টায়।

উল্লেখ্য,  নিউজিল্যান্ড সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার তারা দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিল। প্রথমবার তারা বাংলাদেশ সফরে এসেছিল ২০০৪ সালে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি