ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বশির নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের হিলাল উদ্দিনের ছেলে।

এর আগে দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় একটি সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আলমগীর মিয়া ও বশির মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি আলমগীর মিয়া নিজের দখল দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় বশির মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি