ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত অন্তত ২০ জন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মুখোমুখি মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, ‘আমার কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমার অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছে।’

অন্যদিকে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, ‘জামায়াতের লোকজন আমার এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে এখন আর কিছু বলতে চাই না।’

এদিকে আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জামায়াত ও বিএনপি সমর্থিত কর্মীরা হাসপাতাল চত্বরে অবস্থান নিলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থান নেয়। গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘চন্দ্রদ্বীপ ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তবে সংঘর্ষের ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি