ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মামা টুকু মন্ত্রী ভাগনে মুহিত প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জে উচ্ছ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জবাসী দুইজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেতে যাচ্ছেন। এতে জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। চলছে মিষ্টি বিতরণ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তারা বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে জানান ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান।

সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ সদর) আসনের নবনির্বাচিত এমপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

এছাড়া তার ভাগনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপির এমপি ড. এম এ মুহিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

গুণী মামা-ভাগ্নের একসাথে মন্ত্রী পরিষদের ঠাঁই মেলায় সিরাজগঞ্জ জেলা জুড়ে এখন উচ্ছ্বাস ও উদ্দিপনার বন্যা বইছে। চলছে মিষ্টি বিতরণ উৎসব।

ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে জয়ী হন।

সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে ড. এম এ মুহিত। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে এবারই প্রথমবার ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে জেলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনায় আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতা-কর্মী ও গুনগ্রাহীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

অপরদিকে, সিরাজগঞ্জ- ৫ আসনের বিএনপির এমপি আমিরুল ইসলাম খান আলীম তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ জেলাকে আলাদাভাবে ভালোবাসেন। তারই আবারও প্রমাণ দিলেন মন্ত্রিসভায় একই জেলার দুইজনকে স্থান দিয়ে। অভিজ্ঞ টুকু সাহেব আমাদের সবার মুরুব্বী। মুহিত ভাই ও দক্ষ মানুষ। আশা করি, দুজনেই নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ্যতার প্রমাণ রাখবেন। সিরাজগঞ্জকে উন্নয়নের উচ্চ শিখরে পৌছাবেন। দেশের কল্যাণে রাখবেন অন্যান্য ভূমিকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি