ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

নবীনগরে অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে আহত ৪, ঢাকায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া ছড়া গুলিতে চারজন গ্রামবাসী আহত হয়েছেন। 

আজ রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ওই গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমিসহ আশপাশের এলাকায় ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। 

আজ রোববার সকালে আবারও চরলাপাং গ্রামে বালু উত্তোলন করার সময় স্থানীয় গ্রামবাসী বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পীডবোট ও নৌকায় করে এসে একদল সন্ত্রাসী এলোপাথাড়ি ছড়া গুলি ছুড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। 

পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেয়া গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি