সড়ক দুর্ঘটনায় আহত মিরসরাইয়ের সংসদ সদস্য
প্রকাশিত : ১৯:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যান।
দলীয় সূত্রে জানা যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘এমপিকে বহনকারী গাড়ির সামনে পড়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সংসদ সদস্য নুরুল আমিন মাথায়, কপালে ও কোমরে আঘাত পেয়েছেন। পরে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম শহরের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।’
ইম্পেরিয়াল হাসাপাতালের ডিউটি অফিসার মোহাম্মদ রাহাত বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। টেস্ট রিপোর্ট পাওয়া গেলে তার পরিস্থিতি কেমন পরে জানানো হবে।’
প্রসঙ্গত, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে জামায়াতের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন বিএনপির প্রার্থী নুরুল আমিন।
এমআর//
আরও পড়ুন










