ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকার কষ্টিপাথরের একটি প্রাচীন মূর্তিসহ লাল মিয়া (৬০) নামের এক পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ভুল্লী থানাধীন শুকানপুকুরী ইউনিয়নে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। আটক লাল মিয়া ওই এলাকার মৃত ফজল হক মণ্ডলের ছেলে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন এই মূর্তিটি চোরাকারবারের মাধ্যমে পাচারের প্রস্তুতি চলছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্নসম্পদ চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি