ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ব্রিজের গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫০, ৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট হেলিপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের জন্য খুঁড়ে রাখা গর্তে মোটরসাইকেলসহ পড়ে আবু সাঈদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা গ্রামের মকিম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাতের দিকে ঠাকুরগাঁও শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আবু সাঈদ। পথে ভাওলারহাট হেলিপাড়া এলাকায় নতুন ব্রিজ নির্মাণের জন্য রাস্তার মাঝখানে খুঁড়ে রাখা গর্তে পড়ে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত উদ্ধার করে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মঞ্জুরুল ইসলাম বলেন, “রাত আনুমানিক ১টার দিকে আবু সাঈদকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।”

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ব্রিজের গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি